ভারতের বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে আজ সোমবার প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিরোধী ইন্ডিয়া জোট। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয়। এই মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের জ্যেষ্ঠ নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও এই মিছিলে যোগ দেন।
প্রতিবাদস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সংসদ ভবনের বাইরে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিচ্ছেন এবং কেউ কেউ তা টপকানোরও চেষ্টা করছেন। এসময় তৃণমূল সংসদ সদস্য মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং রাহুল গান্ধী তাকে সহায়তা করেন।
ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, এ মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। পরে দুপুর ১টার দিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটকের খবর আসে।
ভারতের বিহার রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি এবং ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে নির্বাচন কমিশন যেসব শর্ত দিয়েছে তা নিয়ে কংগ্রেসসহ শরিক ইন্ডিয়া জোটের আপত্তি রয়েছে। ইসি জানিয়েছে, বিহার রাজ্যে আগে ভোট দেওয়ার জন্য যথেষ্ট হিসেবে বিবেচিত আধার কার্ড ও ভোটার কার্ড দিয়ে এখন আর চলবে না; বরং ভোটারদের ১১ ধরনের প্রমাণপত্রের যেকোনো একটি দিতে বলা হচ্ছে, যেমন জন্মসনদ, পাসপোর্ট, বন অধিকার সনদ বা যেকোনো সরকারি শিক্ষা সনদ।



