ভেঙে পড়ার শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সদ্য ঘোষিত যুদ্ধবিরতি। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে এই যুদ্ধবিরতি টেকসই হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
এরইমধ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানালেন, আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। যদিও লেবাননে ইসরায়েলের চলমান হামলার কারণে আলোচনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এএফপি বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ গত বুধবারের হামলায় তিন শতাধিক মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলা সংঘটিত হওয়ায় চুক্তিটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক মিত্রদের সংঘাতে সক্রিয় উপস্থিতি এবং পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম।
ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর। এর পর মার্চের শুরুতে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এর জবাবে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।



