Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

পুলিশ জানায়, ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিরুধুনগর জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই কারখানায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার অন্তত চারটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্ফোরণের খবর পেয়ে শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগর থেকে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ইতিমধ্যে একটি মামলা করে তদন্ত শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তাবিধি মেনে চলছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “তামিলনাড়ুর বিরুধুনগরের এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুই মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রন ও থাঙ্গাম থেন্নারাসুকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান তদারকি করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

   

About

Popular Links

x