Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের যে ৪ প্রেসিডেন্ট

কঠোর সুরক্ষা ব্যবস্থা সত্ত্বেও বারবার ইতিহাসের পাতায় উঠে এসেছে ভয়াবহ সব প্রাণঘাতী হামলা ও গুপ্তহত্যার ঘটনা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় নিয়োজিত থাকে বিশেষায়িত বাহিনী সিক্রেট সার্ভিস। দায়িত্ব পালনকালীন সময় থেকে শুরু করে আমৃত্যু এই বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্টরা। তবে এই কঠোর সুরক্ষা ব্যবস্থা সত্ত্বেও বারবার ইতিহাসের পাতায় উঠে এসেছে ভয়াবহ সব প্রাণঘাতী হামলা ও গুপ্তহত্যার ঘটনা।

শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ফের এক হামলা চেষ্টার ঘটনা এই রক্তাক্ত ইতিহাসকে পুনরায় সামনে নিয়ে এসেছে। জানা গেছে, হামলায় ট্রাম্প সুস্থ ও নিরাপদে আছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত চারজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে মারাত্মক সব হামলার মুখোমুখি হয়েছেন।

মার্কিন ইতিহাসে প্রথম গুপ্তহত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে একটি নাটক দেখার সময় তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়। এর কয়েক বছর পর ১৮৮১ সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর গুলিতে আহত হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিক মৃত্যু না হলেও প্রায় এক মাস পর নিউজার্সিতে তিনি মারা যান।

১৯০১ সালে নিউইয়র্কের বাফেলোতে লিওন সিজলগোস নামক এক আততায়ীর গুলিতে নিহত হন উইলিয়াম ম্যাককিনলে। এরপর ১৯৬৩ সালে ডালাসে মোটর শোভাযাত্রা চলাকালে লি হার্ভে অসওয়াল্ড নামক এক স্নাইপারের গুলিতে নিহত হন জন এফ কেনেডি। এটি আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত গুপ্তহত্যার ঘটনা।

যুক্তরাষ্ট্রের সূচনালগ্ন থেকেই প্রেসিডেন্টদের হত্যার ষড়যন্ত্র হয়ে আসছে। প্রাণঘাতী এই হামলা থেকে বাদ পড়েননি থিওডোর রুজভেল্ট ও ফ্রাঙ্কলিন রুজভেল্টও। পরবর্তী সময়ে আধুনিক যুগে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের ওপর একাধিকবার হামলার প্রচেষ্টা চালানো হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্টদের ওপর এই ধারাবাহিক হামলা বিশ্ব রাজনীতি ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। ট্রাম্পের ওপর সবশেষ এই আক্রমণ সিক্রেট সার্ভিসের নিরাপত্তা কৌশলে নতুন কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তাকে আবারও সামনে আনল।

   

About

Popular Links

x