যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পা এলাকায় এই জানাজা সম্পন্ন হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানাজায় অংশ নেন। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সার্ভিস প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি আজ বৃহস্পতিবার (৭ মে) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠাবে।
অরল্যান্ডো বিমানবন্দরেও মিয়ামি বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
আগামী শনিবার (৮ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, মিয়ামি কনস্যুলেটের সাথে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো প্রক্রিয়াটি তদারকি করা হচ্ছে।
নাহিদা সুলতানা বৃষ্টি এবং নিহত অন্য আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পাঠানোর সমস্ত খরচ বহন করছে বাংলাদেশ সরকার।
জামিল লিমনের মরদেহ গত সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮,০০০ শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে, সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার আনুষ্ঠানিকতা চলাকালে বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়াসহ (গাউন, ক্যাপ ও হুড) দুটি খালি চেয়ার রাখা হবে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ বিষয়টি জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে বৃষ্টি ও লিমনের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।



ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ বৃষ্টির, নিশ্চিত করল পুলিশ
মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাবেন লিমন-বৃষ্টি