পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
রবিবার (১০ মে) পশ্চিমবঙ্গের পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাদের গ্রেপ্তার করে। কলকাতার কাছে বালিতে একটি টোল বুথে সন্দেহভাজনদের মোবাইল থেকে পেমেন্ট ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এদিকে আনন্দবাজার জানায়, রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কলকাতায় এনে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে রাতে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠান হবে।
এর আগে, গত ৬ মে রাতে কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে মধ্যমগ্রামের একটি সড়কে খুব কাছ থেকে চার রাউন্ড গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। বুকে ও হাতে গুলি লাগে তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যায় সময় ব্যবহার করা গাড়িটি ঘটনার দিনই বাজেয়াপ্ত করে পুলিশ। তাতে যে নম্বর প্লেট ছিল, সেটি ভুয়া বলে পুলিশ জানায়। হামলাকারীদের দুটি বাইকও উদ্ধার করা হয়, সেগুলোর নম্বরপ্লেটও ভুয়া।
রাজ্যটির পুলিশ সূত্র থেকে জানা যায়, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল। চন্দ্রনাথের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি গাড়ির ঠিক কোন জায়গায় তিনি বসেন তাও জানা ছিল আততায়ীদের। অন্তত এক-দেড় মাস আগে থেকে চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই সময়ে তাকে হত্যা করার মতো কারণ কার কার থাকতে পারে, কারও সঙ্গে চন্দ্রনাথের দ্বন্দ্ব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এ হত্যাকাণ্ড যখন ঘটে, তখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেননি শুভেন্দু। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয়ের পরপরই এ হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিমবঙ্গে।



বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা