Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে বলেন

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার।

সোমবার (১১ মে) হাওড়ার রাজ্য সচিবালয় ‘নবান্ন’-তে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে বলেন, “আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আমি মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে বিশেষ দায়িত্ব দিয়েছি।”

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘকাল ধরে একটি স্পর্শকাতর ইস্যু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, জমি অধিগ্রহণে অসহযোগিতার কারণে অনেক স্থানে সীমান্ত অরক্ষিত থেকে গেছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি এই ইস্যুটিকে অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সামনে এনেছিল।

উল্লেখ্য, গত জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট এক নির্দেশে বিএসএফকে জমি হস্তান্তরের জন্য রাজ্য সরকারকে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তবে তৎকালীন সরকার সেই সময়সীমা অনুযায়ী কাজ সম্পন্ন করেনি। সরকার পরিবর্তনের পর শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই আইনি ও রাজনৈতিক এই জট খোলার উদ্যোগ নিলেন।

গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ গ্রহণের পর এটিই ছিল শুভেন্দু সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।

   

About

Popular Links

x