Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেনেগালের নতুন প্রধানমন্ত্রী আল আমিনু লু

প্রেসিডেন্ট এক অধ্যাদেশের মাধ্যমে তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন

আপডেট : ২৬ মে ২০২৬, ১১:৪৭ এএম

সেনেগালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা আহমাদু আল আমিনু লু। প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে সোমবার এক অধ্যাদেশের মাধ্যমে তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে আকস্মিকভাবে বরখাস্ত করার পর এই প্রবীণ অর্থনীতিবিদকে দায়িত্ব দেওয়া হলো।

প্রেসিডেন্ট ফায়ের দাবি, দেশের চরম অর্থনৈতিক সংকট ও ঋণের বোঝা মোকাবিলায় লু-এর মতো দক্ষ অর্থনীতিবিদের প্রয়োজন ছিল।

নিজের রাজনৈতিক গুরু ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওসমান সোনকোর সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের পর গত শুক্রবার তাকে বরখাস্ত করেন ফায়ে। একইসঙ্গে সরকার ভেঙে দেওয়ায় দেশটিতে গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী লু এর আগে ‘সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস’-এ কর্মরত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি বলেন, “আর্থিক পরিস্থিতি কঠিন হলেও সেনেগাল একটি নিরাপদ ও টেকসই দেশ এবং এটি বজায় থাকবে। এটি নীতির কোনো পরিবর্তন নয়, বরং কাজের পদ্ধতির পরিবর্তন মাত্র ”

বর্তমানে সেনেগালের ঋণের পরিমাণ দেশটির মোট জিডিপির ১৩২ শতাংশে পৌঁছেছে। ২০২৪ সালে ফায়ে ও সোনকো ক্ষমতায় এসে আগের সরকারের বিরুদ্ধে প্রকৃত ঋণের তথ্য গোপন করার অভিযোগ তোলেন। এর জেরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৮০ কোটি ডলারের একটি সহায়তা কর্মসূচি স্থগিত হয়ে যায়।

প্রেসিডেন্ট ফায়ে এখন আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা করতে আগ্রহী। অন্যদিকে সোনকো দেশের অভ্যন্তরীণ সার্বভৌম অর্থনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন। মূলত এই মতবিরোধ থেকেই দুই নেতার দূরত্ব বাড়তে থাকে।

এদিকে মঙ্গলবার সেনেগালের পার্লামেন্টে সোনকোকে স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হবে কি না, তা নিয়ে ভোটাভুটির কথা রয়েছে। গত রোববার স্পিকার ও সোনকোর ঘনিষ্ঠ মিত্র এল মালিক এনদিয়ায়ে পদত্যাগ করায় এ পথ উন্মুক্ত হয়।

   

About

Popular Links

x