Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘১০ হাজার বের করেছি আরও ১৮০০ অপেক্ষা করছে, রোজ ওপারে পাঠাচ্ছি’

রাজ্য বিধানসভায় বিরোধীদের আনা নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

এ পর্যন্ত ১০ হাজার অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হয়েছে এবং আরও ১ হাজার ৮০০ জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে বাংলাদেশে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের ওপর বিরোধীদের আনা নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে আগের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী।

অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বিধানসভায় স্পষ্ট করে বলেন, যারা সিএএ (নাগরিকত্ব সংশোধন আইন) এর আওতায় আসেননি, বরং অবৈধভাবে সীমানা পেরিয়ে ঢুকে পড়েছেন, তাদের কাউকেই এ রাজ্যে রাখা হবে না। তিনি বলেন, “এখন পর্যন্ত আমি ১০ হাজার অনুপ্রবেশকারীকে বের করেছি। আমার কাছে থাকা ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১ হাজার ৮০০ জন অপেক্ষা করছে। প্রতিদিন তাদের ওপারে (বাংলাদেশে) পাঠানো হচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা মনে-প্রাণে ভারতীয়, তারা যে ধর্ম বা দলই করুন না কেন, আপনাদের কিছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির জন্য আমরা অনুপ্রবেশ বরদাশত করব না।”

মুখ্যমন্ত্রী আরও জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের আইন কঠোরভাবে কার্যকর করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ধরে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কোনো জেল হবে না। এ প্রসঙ্গে তার যুক্তি, এ দেশের করদাতার টাকা দিয়ে রাজ্যবাসীর জন্য অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রীর সূর্য ঘর, বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধি এবং বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। ভাঙা স্কুল সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা বাড়ানো হবে। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের জেলের খাবার, কাপড় আর ওষুধ জোগানোর দায়িত্ব তার সরকার নেবে না। তবে কোনো বৈধ ভারতীয় নাগরিকের, তিনি যে সম্প্রদায়ের বা যে দলেরই হোন না কেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় পূর্ববর্তী তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, কেন বিএসএফকে বেড়া দেওয়ার জমি দেওয়া হয়নি? কথায় কথায় আগের মুখ্যমন্ত্রী বিএসএফকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং বিধানসভায় তাদের বিরুদ্ধে প্রস্তাব এনেছেন। আগে জমি দিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের আমলে বিএসএফকে জমি দেওয়ার হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার এখন পর্যন্ত ১৪২ দশমিক ৭৯ একর জমি বিএসএফের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে কোচবিহারে ২২ দশমিক ৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫ দশমিক ১৬৫ একর এবং দার্জিলিংয়ে ৮ দশমিক ৮১৫ একর জমি দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x