Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩২ ঘণ্টা পর যেভাবে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো ১৮ দিনের শিশুটি

তার মাকেও একই ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়

আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মাকেও।

শনিবার (২৭ জুন) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) গভীর রাতে জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরাতে এ অলৌকিক ঘটনা ঘটে।
দেশটির রাজধানী কারাকাসের উত্তরে এ শহরটির অবস্থান।

এদিকে, শিশুটিকে উদ্ধারের ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। আন্দ্রেয়িনা কুইন্তেরো নামের এক স্থানীয় বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রথম প্রকাশ করেন।

ওই ভিডিওতে দেখা গেছে, শহরটিতে ধসে পড়া একটি কংক্রিটের স্তূপের ওপর ফ্লাডলাইট জ্বালিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় যখন ছোট্ট ওই শিশুটিকে বের করে আনেন, তখন সেখানে উপস্থিত সবাইকে উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায়। সবাই হাততালি দিয়ে ওঠেন। পরে টিস্যু দিয়ে শিশুটির শরীর আলতো করে পরিষ্কার করে দেয় উদ্ধারকর্মীরা।

এর এক ঘণ্টা পর তার মাকেও একই ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে মা ও শিশু দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

চিকিৎসকরা বলছেন, শিশুটি বড় ধরনের কোনো আঘাত পায়নি। ভূমিকম্পের সময় শিশুটির মা তার নিজের শরীর বা অন্য কোনো শক্ত বস্তু দিয়ে সন্তানকে ঢেকে রাখায়, বেঁচে যায় শিশুটি। 

ভেনেজুয়েলায় ২৪ জুন রাতে, এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষের নিহত হওয়ার খবর জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছে কয়েক হাজার মানুষ। ৫০ হাজারেরও বেশি মানুষের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

   

About

Popular Links

x