ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে ‘‘সম্পূর্ণ বাজে কথা ও চরম মিথ্যাচার’’ বলে অভিহিত করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর। একই সঙ্গে পেজেশকিয়ান নিজেও নিশ্চিত করেছেন যে তিনি পদত্যাগ করছেন না এবং নিজ পদে অবিচল থাকবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লেখেন, ‘‘মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থীদের একটি অশুভ জোট ইরানের পবিত্র ঐক্য এবং জাতীয় সংহতিকে লক্ষ্যবস্তু বানাতেই এই মিথ্যা রটিয়েছে।’’
এর আগে ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজির একটি মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাঘের খারাজি দাবি করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক বার্তা দিয়েছেন যে, ‘‘পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগপত্র জমা দেন, তবে তা গ্রহণ করা হবে।’’
তবে বিবিসি ফার্সির প্রতিবেদন অনুযায়ী, ছড়িয়ে পরা এই গুঞ্জনের পর পরই ইরানি গণমাধ্যমগুলোতে পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্য সম্প্রচার করা হয়। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দৃঢ়তার সাথে বলতে শোনা যায়, ‘‘আমি পদত্যাগ করব না এবং দায়িত্বে অবিচল থাকব।’’
দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ান আরও বলেন, ‘‘আমরা দেশের সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।’’
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের চলমান সংকট ও যুদ্ধ-সংক্রান্ত রাজনৈতিক ঘটনাবলী নিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সম্পূর্ণ ভিডিও ও লিখিত বার্তাটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।



