মনে আছে প্রিন্সেস ডায়ানার কথা? ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত সদস্যকে আজও মানুষ মনে রেখেছে তার ব্যক্তিত্ব ও মানবিকতার জন্য। পাশাপাশি পোশাক ও সাজসজ্জায় তার নিজস্ব স্টাইলও ছিল নজরকাড়া। রাজকীয়তা ও আধুনিকতার মিশেলে তৈরি তার সেই স্টাইল আজও ফ্যাশন দুনিয়ায় অনুপ্রেরণা হয়ে আছে।
ডায়ানার পরা অনেক পোশাকই সময়ের সঙ্গে বিশেষ পরিচিতি পেয়েছে। তবে এর মধ্যে একটি কালো পোশাকের গল্প যেন একটু আলাদা। পোশাকটি পরিচিতি পেয়েছিল ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে।
১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ডায়ানার পরনে ছিল শরীরঘেঁষা, কাঁধখোলা সেই কালো পোশাক। সেদিনের একটি বিশেষ ঘটনার সঙ্গে জড়িয়ে যায় পোশাকটির নাম। এবার প্রায় তিন দশক পর সেই আলোচিত পোশাকটি আবারও নিলামে উঠতে যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে পোশাকটি বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডায়ানা ছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার স্বামী ছিলেন প্রিন্স চার্লস, বর্তমানে যিনি যুক্তরাজ্যের রাজা। তার কারণেই ওই পোশাকের নাম হয়েছিল ‘রিভেঞ্জ ড্রেস’। কারণ, যে সন্ধ্যায় ডায়ানা ওই কালো পোশাক পরেছিলেন, সেদিনই চার্লস তার পরকীয়ার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করতে যাচ্ছিলেন।
আগামী ডিসেম্বরে খ্যাতনামা নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি নিলামে তুলবে। চলতি মাসে লন্ডনে এটি প্রদর্শন করা হবে। এরপর পোশাকটি নেওয়া হবে হংকং, জেনেভা ও নিউইয়র্কে। সবশেষে নিউইয়র্কেই নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামে পোশাকটির দাম উঠতে পারে ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ লাখ টাকা।
‘রিভেঞ্জ ড্রেস’ নিয়ে মানুষের আগ্রহ অবশ্য নতুন নয়। ১৯৯৭ সালেই পোশাকটি একবার বিক্রি হয়েছিল। তখন ডায়ানা জীবিত ছিলেন এবং পোশাক বিক্রির অর্থ তিনি দান করে দিয়েছিলেন। সেবার পোশাকটির দাম উঠেছিল ৩৯,০৯৮ পাউন্ড, যার বর্তমান মূল্য প্রায় ১ লাখ পাউন্ড। এরপর যে পরিবার এটি কিনেছিল, এতোদিন পোশাকটি তাদের কাছেই ছিল।
পোশাকটির নকশা করেছিলেন ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার কথা ছিল। কিন্তু স্বামীর ওপর রাগ থাকায় শেষ পর্যন্ত সেই পোশাক না পরে কালো পোশাকটি বেছে নেন তিনি। সঙ্গে পরেছিলেন উজ্জ্বল লাল নেইল পলিশ, এমনটা আগে কখনোই তাকে করতে দেখা যায়নি।
ফ্যাশনের প্রতি ডায়ানার আলাদা আগ্রহ ছিল। মৃত্যুর ৩০ বছর পরও পোশাক ও সাজসজ্জার ক্ষেত্রে তার রুচি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে। ২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী রিয়ানা ফ্যাশনবিষয়ক সাময়িকী গ্লামারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানার সাজের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, “ডায়ানার প্রতিটি সাজই ছিল দুর্দান্ত এবং পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন একজন গ্যাংস্টার।”



