Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হবে এই সম্মেলন 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে শুরু হতে হচ্ছে। সম্মেলনকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি সড়কে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। সেখান থেকে বিশ্বনেতাদের বহরের চলাচল এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি এতে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে থাকতে পারে।

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ায় এবারের সম্মেলনের দিকে বিশেষ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

   

About

Popular Links

x