Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, নিহত ১

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটলো 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।  

রবিবার (১৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি বলেন, “আজ ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।”  

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরও পাওয়া গেছে।   

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটলো। গুরুত্বপূর্ণ এই নৌপথের অবরোধ নিয়ে আলোচনার জন্য এর এক দিন পরই ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমানও হরমুজ প্রণালীর তীরবর্তী একটি দেশ।

বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে চলা সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনাকেন্দ্রে পরিণত হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। নিরাপত্তা ও নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি উল্লেখ করে ইরান এ ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে জাহাজ চলাচলের জন্য সেবা-ফি নেওয়ার একটি ব্যবস্থাও চালুর কথা বিবেচনা করছে দেশটি।

   

About

Popular Links

x