Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্রোয়েশিয়ায় ভয়াবহ দাবানল, ২৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে

আগুনে প্রায় ৩,৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় পুড়ে গেছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

ক্রোয়েশিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ৩,৫০০ হেক্টর এলাকা পুড়ে যাওয়ার পর অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপ থেকে প্রায় ২৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার রাতে দ্বীপটির পশ্চিমাঞ্চলের ছোট শহর মিলনা ও আশপাশের বসতিগুলোর বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক করে কর্তৃপক্ষ। জাগরেব থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাতীয় অগ্নিনির্বাপণ কমান্ড জানিয়েছে, অত্যন্ত কঠিন একটি রাতের পর রোববার সকালে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

অগ্নিনির্বাপণ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সকাল থেকে চারটি কানাডেয়ার জলবাহী উড়োজাহাজ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ৬৯টি যানবাহনের সহায়তায় ২২০ জনের বেশি অগ্নিনির্বাপক রাতভর আগুন নেভানোর চেষ্টা করেন।

মিলনার কাছাকাছি আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে হারবারমাস্টার কার্যালয়ের কয়েকটি নৌযান ও সামুদ্রিক পুলিশ বেসরকারি নৌযানের সঙ্গে কাজ করেছে। সরকারি সংবাদ সংস্থা হিনা জানিয়েছে, এভাবে প্রায় ২৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার স্লাভকো তুসাকোভিচ বলেন, অগ্নিনির্বাপকরা বিপুলসংখ্যক আবাসিক ভবন রক্ষা করেছেন এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করেছেন। তবে কয়েকটি ভবনের সম্মুখভাগ ও ছাউনির ক্ষতি হয়েছে। এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন।

হিনা জানিয়েছে, এক জ্যেষ্ঠ অগ্নিনির্বাপণ কর্মকর্তার তথ্য অনুযায়ী, আগুনে প্রায় ৩,৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় পুড়ে গেছে।

ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াতেও এবার প্রচণ্ড গরম ও শুষ্ক গ্রীষ্ম দেখা গেছে। ফলে দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে চরম তাপ ও খরার ঘটনা আরও ঘন ঘন ঘটছে এবং এসব পরিস্থিতি আগের তুলনায় তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

   

About

Popular Links

x