Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিল্লিতে বিক্ষোভের মধ্যে আটক নেহা বোরাও

প্রতিবাদকারীরা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাও। আটকের পর তাকে একটি পুলিশ বাসে রাখা হয়। এ সময় বাসটি ঘিরে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতির মধ্যে এ ঘটনা ঘটে।

আইসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের পরিকল্পিত বিক্ষোভের স্থান পরিবর্তন করা হয়েছে।

প্রথমে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে দিল্লি হাট নির্ধারণ করা হয়। নয়াদিল্লিতে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

এর আগে বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এবং দলটির দুই মুখপাত্র সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। প্রতিবাদকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তবে নেহা বোরাওকে আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তাকে পুলিশ বাসে রাখার পর সেটির চারপাশে বিক্ষোভকারীরা জড়ো হলে দিল্লিতে উত্তেজনা আরও বাড়ে।

   

About

Popular Links

x