বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেলদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করতে যাচ্ছে ফিনল্যান্ড। দেশটিতে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে সম্পূর্ণ খরচ বহন করে ‘ব্লাইন্ড ডেট’ ভ্রমণ। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন সিঙ্গেল প্রাপ্তবয়স্ককে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই প্রচারণা শুরু করেছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফিনল্যান্ডের খাদ্য সংস্কৃতির সাথে পরিচিত করানো এবং একই সাথে নতুন রোমান্টিক সঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।
সংবাদমাধ্যম ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি এই আয়োজন চলবে। এতে অংশ নিতে নির্বাচিত ১৬ জন ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশিল্প সম্পর্কে জানার পাশাপাশি হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে বিশেষ গ্রুপ ডিনার ডেটে অংশ নেবেন।
এই আয়োজনে খাবারের তালিকায় থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুমসহ ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী নানা উপাদান। ফিনল্যান্ডের খাবার, প্রকৃতি এবং ঋতুভিত্তিক উপাদানের মধ্যকার গভীর সম্পর্ক ফুটিয়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় কিছু শেফ এই বিশেষ নৈশভোজগুলোর মেনু তৈরি করবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেন, “ফিনিশ খাবার হলো আমাদের সুপরিচিত সুখী জীবনযাত্রার এক প্রত্যক্ষ প্রতিফলন। এর মাধ্যমে স্থান, ঋতু এবং চারপাশের মানুষের সাথে সম্পর্ক ও মেলবন্ধন তৈরি হয়।”
তিনি আরও বলেন, “খাবার ফিনল্যান্ডের মানুষকে একসূত্রে বাঁধে। এবার ভ্রমণকারীদেরও ব্যতিক্রমী উপায়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।”
এই প্রচারণার ধারণা নেওয়া হয়েছে ‘সিংকুকোরি’ নামের একটি ফিনিশ ডেটিং রীতি থেকে। এ রীতিতে দেশটির কিছু সুপারমার্কেটে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করা হয়। এর মাধ্যমে ক্রেতা সিঙ্গেল এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে বা সম্ভাব্য রোমান্টিক সম্পর্কে আগ্রহী - এমন সংকেত দেওয়া হয়।
পর্যটন বোর্ডের লক্ষ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে ফিনল্যান্ডের খাবারের বৈচিত্র্য তুলে ধরা। তাদের মতে, ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের তুলনায় ফিনল্যান্ডের রন্ধনসংস্কৃতি কিছুটা উপেক্ষিত রয়ে গেছে।
জিমেনেজ জানান, সাওনার খাবারের সংস্কৃতি থেকে শুরু করে বন থেকে প্রাকৃতিক উপাদান সংগ্রহের ঐতিহ্য - ফিনল্যান্ডের রন্ধনশিল্পের প্রতিটি গল্পই আলাদা। এসব অভিজ্ঞতা অন্য কোথাও পাওয়া যাবে না। ভ্রমণকারীরা যেন এর পুরো অভিজ্ঞতা নিতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।
পর্যটন বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, ডিনার ডেটগুলো হবে অনানুষ্ঠানিক ও প্রাণবন্ত গ্রুপ ইভেন্ট। এতে অংশগ্রহণকারীরা একসঙ্গে নৈশভোজ করবেন এবং ফিনল্যান্ডের বিশেষ স্বাদের খাবার উপভোগ করবেন।
যারা আবেদন করতে পারবেন
ফিনল্যান্ডের বাইরে বসবাসকারী বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী সিঙ্গেল প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এ আয়োজনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে হবে।
আগ্রহীদের ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে, ‘একটি ডিনার ডেটে আপনি কী পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি ‘হ্যাশট্যাগ ফিনিশ ডিনার ডেট’ ব্যবহার করে এবং ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো যেকোনো পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে।
আবেদনের শেষ সময় ফিনল্যান্ডের স্থানীয় সময় ১০ নভেম্বর সকাল ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত ব্যক্তিদের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
নির্বাচিত অংশগ্রহণকারীদের বিমানভাড়া, থাকা-খাওয়া এবং ভ্রমণের সব কার্যক্রমের খরচ বহন করবে পর্যটন বোর্ড।



