Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ শ্রমিকের ধর্মঘট

বুধবার দিনভর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন তারা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দেশটির মোট কর্মজীবী মানুষের প্রায় এক-পঞ্চমাংশ এই ধর্মঘটে অংশ নেন।

বুধবার (১১ নভেম্বর) দিনভর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন তারা। সন্ধ্যার দিকে রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে এই ধর্মঘট বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামেন শ্রমিকরা। মাদ্রিদ, বার্সেলোনাসহ বিভিন্ন শহরে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন তারা। ধর্মঘটে অংশ নেন ভাড়াটেদের বিভিন্ন সংগঠনের সদস্যরাও।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, আবাসনের খরচ কমানো এবং সাধারণ মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা।

মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

দিনের বেশির ভাগ সময় ধর্মঘট শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের একাংশের মধ্যে সংঘর্ষ বাধে। রয়টার্সের ভিডিওতে দেখা যায়, মূল মিছিল শেষ হওয়ার পর সড়কে ফেলে রাখা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাদ্রিদেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে।  

পুলিশের তথ্য অনুযায়ী, ধর্মঘটকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১,০৪৪টি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বুধবার রাত ৯টা (জিএমটি) পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন কার্যালয় ও শিল্প এলাকায় অবরোধের পাশাপাশি ময়লার কনটেইনারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

মাদ্রিদের অন্যতম প্রধান কেনাকাটার এলাকা গ্রান ভিয়াতেও ধর্মঘরের প্রভাব পড়ে। বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশের উপস্থিতিতে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুলঅ্যান্ডবেয়ারের মতো ব্র্যান্ডের দোকান বন্ধ হয়ে যায়। দোকানগুলো বন্ধ হওয়ার পর বিক্ষোভকারীদের উল্লাস করতে দেখা যায়।

এ সময় বাড়ির চাবির গোছা ঝনঝনিয়ে তারা স্লোগান দেন, ‘আমরা ম্যাঙ্গোর দোকান বন্ধ করে দেব।’ অন্যদিকে, সংঘর্ষের আশঙ্কায় বার্সেলোনার অনেক দোকানপাটও বন্ধ রাখা হয়।

কেন এই ধর্মঘট

স্পেনে আবাসন সংকট দিন দিন তীব্র হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

বাড়ি কেনার সামর্থ্য না থাকায় অনেক মানুষ এখন ভাড়া বাসার ওপর  নির্ভরশীল। এতে ভাড়াবাড়ির বাজারে চাপ বাড়ছে। স্পেনের যুব পরিষদের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১,১৭৬ ইউরো বা ১,৩১৫ ডলার। এই ভাড়া একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮.৭%। অর্থাৎ, একজন তরুণের মাসিক আয়ের প্রায় পুরোটাই ব্যয় হচ্ছে বাড়িভাড়া পরিশোধে।

মাদ্রিদের বাসিন্দা জেসুস গঞ্জালেজও আবাসন সংকটের প্রতিবাদে ধর্মঘটে যোগ দিয়েছেন। একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন তিনি। গঞ্জালেজ বলেন, “আমার বয়স ৩৬ বছর, অথচ এখনো নিজের বাড়িতে থাকতে পারছি না। বাড়িভাড়া ও বাড়ির দাম দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে নিজের বাড়ি কেনা প্রায় অসম্ভব।”

শ্রমিক সংগঠনগুলোর দাবি

স্পেনের বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) ও ওয়ার্কার্স কমিশনস (সিসিওও) এই ধর্মঘরে সমর্থন দিয়েছে। সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ২০১২ সালে শ্রমিকদের কর্মবিরতির পর এটিই দেশটির প্রথম সাধারণ ধর্মঘট।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, উপকূলীয় এলাকাগুলোতে ধর্মঘরে অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। এসব অঞ্চলে আবাসন সংকটের প্রভাবও তুলনামূলকভাবে বেশি। ভাড়াটেদের সংগঠনগুলো আশা করছে, দিন শেষে ধর্মঘরে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছাবে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, স্পেনে মোট কর্মীর সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ।

ইউজিটি ও সিসিওও জানিয়েছে, বন্দর ও গাড়ি নির্মাণশিল্পে ধর্মঘরে অংশগ্রহণের হার ৯০%-এ পৌঁছেছে। নাভারে ভক্সওয়াগেন ও বার্সেলোনায় সিটের কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

এদিকে, স্পেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দেশটিতে বিদ্যুতের চাহিদা ১৫.৫% কমে যায়।

ব্যবসায়ীদের ভিন্নমত

শ্রমিকদের এই ধর্মঘরের সমালোচনা করেছেন স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওইয়ের সহসভাপতি অ্যাঞ্জেলা ডি মিগেল। তার মতে, ধর্মঘটের কারণে আবাসন সংকটের সমাধান হবে না; বরং ক্ষুদ্র ব্যবসাগুলো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ির অভাবে প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে পড়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আবাসন সংকট সমাধানে আরও বেশি বাড়ি নির্মাণ করতে হবে। পাশাপাশি বাড়ি নির্মাণ ও কেনাবেচার প্রক্রিয়ায় কর কমানো জরুরি।”

এদিকে, চার্লস ও ব্রুনা নামের দুটি শক্তিশালী ঝড়ের কারণে দক্ষিণ স্পেনের কয়েকটি শহরে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয় শ্রমিক সংগঠনগুলো। এসব শহরের মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাদিজও রয়েছে।

   

About

Popular Links

x