উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছেন দেশটির নেতা কিম জং উন।
বুধবার (৪ মে) এ পরীক্ষা চালানো হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের দাবি, তাদের সেনা সমুদ্রে মিসাইলের অংশবিশেষ খুঁজতে নেমেছে। খুঁজে পেলে উত্তর কোরিয়া পরীক্ষিত মিসাইলটির ধরন বোঝা যাবে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, মিসাইলটি উত্তর কোরিয়ার সুনান অঞ্চল থেকে ছোঁড়া হয়েছিল। রাজধানী পিয়ংইয়ং থেকে যার দূরত্ব খুব বেশি নয়। গত ২৪ মার্চ এই সুনান থেকেই শেষ ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া।
ওই মিসাইলটি সম্পূর্ণ নতুন ধরনের বলে জানিয়েছিলেন কিম।
এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনা যেকোনো ধরনের প্রত্যাঘাতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। অন্যদিকে জাপানও বিশ্বের দরবারে উত্তর কোরিয়ার একের পর এক মিসাইল পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রও অবিলম্বের উত্তর কোরিয়াকে এ ধরনের পরীক্ষা বন্ধের জন্য চাপ দিচ্ছে। একই সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারাও উত্তর কোরিয়ার দিকে নজর রাখছে। একাধিক নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তার পরেও গত কয়েক বছরে একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়ে গেছেন কিম। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ১৪ টি মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।



