করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানে ফের কঠোর লকডাউন জারি করেছে প্রশাসন।
কর্তৃপক্ষ বলছে, জিয়াংজি জেলায় কয়েকজনের দেহে করোনার উপস্থিতি পাওয়া এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ রোধে জিয়াংজিয়ের ১০ লাখ বাসিন্দাকে আগামী তিনদিন ঘরে অথবা কমপাউন্ডে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চীন গণ-পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনসহ একটি ‘‘শূন্য কোভিড’’ কৌশল অনুসরণ করে আসছে। ফলে সেখানে করোনায় অন্য অনেক দেশের তুলনায় অনেক কম মৃত্যু হয়েছে।
এক কোটি ২০ লাখ লোকের শহর উহানে নিয়মিত পরীক্ষায় দুই দিন আগে দুটি উপসর্গবিহীন কোভিড সংক্রমণ পাওয়া গেছে। ‘কন্টাক্ট ট্রেসিংয়ের’ মাধ্যমে আরো দুটি ঘটনা পাওয়া যায়। এর পরপরই লকডাউন আদেশ জারি হয়।
নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনের উহান ২০২০ সালের গোড়ার দিকে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। এটাই করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর বিধি-নিষেধ জারি হওয়া চীনের প্রথম শহর।



