কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় কাকেতা প্রদেশে বিক্ষোভ থেকে এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরও ৭৯ জনকে জিম্মি করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নতুন সড়ক নির্মাণ ও মেরামাতের দাবিতে বৃহস্পতিবার তেল কোম্পানি এমারেল্ড এনার্জি-এর কার্যালয় ঘেরাও করে স্থানীয়রা। এরপর থেকেই প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভ থেকে এক বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভকারীরা ৭৯ পুলিশ কর্মকর্তা ও তেলক্ষেত্রের ৯ শ্রমিককে জিম্মি করে।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে জিম্মিদের একটি ঘরে রাখা হয়েছে বলে দেখা যায়।
এদিকে সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আগে জিম্মিরা মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
এছাড়া রেড ক্রসকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বিবিসি বলছে, বিক্ষোভকারীদের বেশিরভাগ গ্রামীণ ও আদিবাসী জনগণ।
তাদের দাবি, সান ভিসেন্টে ডেল কাগুয়ান এলাকায় নতুন সড়ক অবকাঠামো গড়ে তুলতে হবে।
তবে এ ঘটনায় তেল কোম্পানিটির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
স্থানীয় সরকারের কর্মকর্তারা বলছেন, চাপাতির কোপে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে গুলিতে।
এক টুইটে নিহত কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে কলম্বিয়ার পুলিশ। সংঘাতে নিহত এই কর্মকর্তার নাম, রিকার্ডো মনরয়।
ঘটনাস্থল থেকে কলম্বিয়ার মানবাধিকার সংস্থার কার্লোস কামার্গো বলেছেন, তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন এবং তেল স্থাপনায় পেট্রোলবোমা নিক্ষেপ করা থেকে বিরত রেখেছেন।



