Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাক্টর দিয়ে পতিত জমিতে পিকাসোর বৃহত্তম প্রতিকৃতি

পিকাসোর ১৯০৭ সালের স্ব-প্রতিকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছেন শিল্পী

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০:৩৯ পিএম

ইতালির ভেনিসের পতিত জমিতে ট্র্যাক্টর ব্যবহার করে কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি প্রতিকৃতি তৈরি করেছেন ইতালীয় শিল্পী দারিও গাম্বারিন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ভেনিসের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কাস্তাগনারো পৌরসভার পতিত ভূমিতে এই কিংবদন্তির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি।

পাবলো রুইজ পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরের তীরবর্তী মালাগা শহরে। মা মারিয়া পিকাসো লোপেজ ও বাবা হোসে রুইজ ব্লাসকো। স্পেনীয় ঐতিহ্য অনুযায়ী নামের মধ্যে তার মা ও বাবার নাম জড়িয়ে আছে। মায়ের কাছ থেকে পাওয়া “পিকাসো” নামটি দিয়েই বিশ্বজোড়া পরিচিতি তার।

গাম্বারিনের ভাষ্য, পিকাসোর ১৯০৭ সালের স্ব-প্রতিকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছেন তিনি। এটি স্প্যানিশ শিল্পীর বৃহত্তম প্রতিকৃতি।

পাবলো পিকাসো তার জীবনে ২০ হাজারের বেশি চিত্রকর্ম, ভাস্কর্য, সিরামিকসহ আরও অনেক কিছু রেখে গেছেন। তার অনেক মূল্যবান চিত্রকর্ম বিশ্বের কয়েকটি দেশের জাদুঘরে সংরক্ষিত আছে। ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সের মুগিন্সে মৃত্যুবরণ করেন তিনি।

দারিও গাম্বারিন বলেন, বিশাল প্রতিকৃতিটি পিকাসোকে উৎসর্গ করতে চেয়েছি আমি, কারণ তিনি সেইসব শিক্ষকদের একজন যাদের কাছ থেকে কখনোই শেখার শেষ নেই।

এবারই প্রথম নয়, আগেও বিশ্বের অনেকের প্রতিকৃতি তৈরি করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের একটি বিশাল প্রতিকৃতি তৈরিতে তিনি ট্রাক্টর ব্যবহার করেন।

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্তিতে প্রতিকৃতি তৈরি করেন। বাদ যাননি ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ট্রাক্টর দিয়ে তিনি তাদেরও প্রতিকৃতি তৈরি করেছেন।

   

About

Popular Links

x