পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুই জঙ্গি হামলায় পাকিস্তানি তিন সেনা সদস্য ও একজন সেনা অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত চেক পোস্টের কাছে আত্মঘাতী বিস্ফোরণে তিনজন সেনা সদস্যের মৃত্যু হয়।
অন্যদিকে একইদিনে আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন পাকিস্তানি সেনা অফিসারের মৃত্যু হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী বলছে, উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত চেকপোস্টের কাছে হামলাকারী হামলা চালাতে চেয়েছিলেন। এতে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো। কিন্তু সেখানে যাওয়ার আগে তিনজন সেনা হামলাকারীকে থামায়। এতে হামলাকারী নিজেকে উড়িয়ে দেন এতে তিন সেনা সদস্যের মৃত্যু হয়।
অন্যদিকে ৩৩ বছর বয়সি এক অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা খাইবার এলাকায় অভিযান চালাচ্ছিল। সেই সময় জঙ্গিদের গুলিতে অফিসারের মৃত্যু হয়।
পরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের গুলিতেই সেনা অফিসার মারা গেছেন। তবে প্রথম ঘটনার দায় কেউ এখনো স্বীকার করেনি।
একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এ বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে জঙ্গি হামলা বেড়েছে ৭৯%।



