ইতিহাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযানের সফট ল্যান্ডিং করিয়েছে ভারত।
বুধবার (২৩ আগস্ট) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ভারতের পাঠানোর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। গত ১৪ জুলাই দুপুরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো।
এই সাফল্যে বিশ্বের অনেক দেশ অভিনন্দন জানিয়েছে তাদের। স্বাভাবিকভাবে দেশটির মানুষ বেশি উচ্ছ্বাস প্রকাশ করবেন। তবে, এই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভুল তথ্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এর আগে ১৯৮৪ সালে ভারতের হয়ে প্রথম মহাকাশ ভ্রমণ করেন ভারতের সাবেক এয়ার ফোর্স পাইলট রাকেশ শর্মা। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে চাঁদে অবতরণ করেন।
চন্দ্রযান-৩ এর সাফল্যকে অভিনন্দন জানাতে গিয়ে মমতা চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম নিয়ে আসেন। তবে বিভ্রাট বাঁধে রাকেশের নাম নিয়ে। রাকেশ শর্মার জায়গায় মমতা ব্যানার্জি বলিউড চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের নাম উচ্চারণ করেন।
তার এই বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে অনলাইন মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায়, “পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি ইসরোকে আমার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কৃতিত্ব বিজ্ঞানীদের দেওয়া উচিত, ক্রেডিট দেশের পাওয়া উচিত। রাকেশ রোশন যখন চাঁদে অবতরণ করেছিলেন, তখন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘চাঁদ থেকে থেকে ভারতকে কেমন দেখায’।”
এর আগে ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করেছিল ভারত। ওই অভিযান পুরোপুরি সফল হয়নি। চন্দ্রযান-২ এর ল্যান্ডার অবতরণের সময় শেষ মুহূর্তের জটিলতায় চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়।
তবে এবার চন্দ্রযান-৩ মহাকাশে উৎক্ষেপণ করে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামার কৃতিত্ব পেল ভারত।



