Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর

পালেতওয়ার নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার জান্তা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী একটি শহর দখলে নেওয়ার দাবি করেছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের জাতিগত এক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) এক মুখপাত্র রবিবার (১৪ নভেম্বর) দাবি করেন, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দরনগরী পালেতওয়া দখল করেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য এ নগরী গুরুত্বপূর্ণ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা এক বিবৃতিতে বলেন, “সীমান্তে স্থিতিশীলতা নিয়ে সমস্যা থাকলেও আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।”

পালেতওয়ার প্রশাসন ও আইনশৃঙ্খলার দায়িত্বও আরাকান আর্মি তুলে নেবে বলে জানানো হয় বিবৃতিতে।

তবে পালেতওয়ার নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার জান্তা। এছাড়া আরাকান আর্মির দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

প্রসঙ্গত, মিয়ানমারে একাধিক বিদ্রোহী গোষ্ঠী গণতন্ত্রপন্থি সরকারের সমর্থনে জান্তার বিরুদ্ধে লড়াই করছে। এই বিদ্রোহীদের কাছে অনেক শহর ও সামরিক ফাঁড়ি খুইয়েছে জান্তা। পালেতওয়া শহরের পতনের আগে চীন সীমান্তের কাছে শান প্রদেশের লুক্কাই শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। সেখানে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর আরেক বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএএ শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।

২০২১ সালে মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকারের জন্য বিদ্রোহীদের কাছে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারানোকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

   

About

Popular Links

x