স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। আগামী সপ্তাহ থেকে এই বড় মহড়া শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছে। ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলির বরাত দিয়ে ওই খবরে বলা হয়, এই মহড়ায় অংশ নেবে অন্তত ৯০ হাজার সেনা।
ক্যাভেলি জানিয়েছেন, “মূলত এটি সামরিক পরিকল্পনার অংশ হিসেবে একটি মহড়া, যার মাধ্যমে যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হবে।” তবে সেই হুমকি রাশিয়ার কি-না তা তিনি সরাসরি উল্লেখ করেননি।
এই কর্মকর্তা আরও বলেন, ‘‘ডেস্ট্রেয়ার মহড়ায় অংশ নেবে ৫০টির বেশি বিমানবাহী রণতরী। থাকবে ৮০ টির বেশি যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোন এবং অন্তত ১,১০০ যুদ্ধযান। যার মধ্যে থাকবে ১৩৩টি ট্যাংক। পাশাপাশি পদাতিক বাহিনীর লড়াইয়ের ৫৩৩টি যুদ্ধযান থাকছে এই মহড়ায়।’’
কমান্ডার ক্যাভোলি বলেন, “স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪” ইউরোপের প্রতিরক্ষাকে জোরদার করতে উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য অংশ থেকে দ্রুত সেনাবাহিনী মোতায়েনে ন্যাটোর সক্ষমতা প্রদর্শনেরই মহড়া।
ন্যাটোর পুরানো মহড়া পর্যালোচনা করে দেখা গেছে, একই ধরনের মহড়া “রিফরজার” সর্বশেষ চালানো হয়েছিল ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময়। তাতে অংশ নিয়েছিল ১ লাখ ২৫ হাজার সেনা এবং ২০১৮ সালে “ট্রাইডেন্ট জাঙ্কচার” মহড়ায় অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা।
এবারের মহড়ায় ন্যাটো সদস্য দেশগুলোর পাশাপাশি সুইডিশ সেনারাও অংশ নেবে। খুব শিগগিরই ন্যাটো জোটে যোগ দিচ্ছে সুইডেন।



