পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের জেলে স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার খাবারে অ্যাসিড মেশানোর অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। জরুরিভিত্তিতে বুশরার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন দলটি।
বুশরা বিবি ইমরানের সঙ্গে তোষাখানা দুর্নীতির মামলায় সাজা পেয়েছেন। ইমরানের ইসলামাবাদের বানিগালার বাড়িতেই বন্দি আছেন তিনি।
বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই এক এক্স পোস্টে জানান, বুশরা একটি ভয়ংকর অভিযোগ জানিয়েছেন। তাঁর খাবারে অ্যাসিডজাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল। আর সেটা গেল পাঁচ দিন ধরে বুশরাকে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা দিচ্ছে। পানি ও চায়ে ভিজিয়ে শুকনা টোস্ট ছাড়া আর কিছু খাওয়া তাঁর জন্য কঠিন হয়ে গেছে।
পৃথক এক এক্স বার্তায় পিটিআই এ বিষয়ে পাকিস্তানের উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।



