বাংলাদেশের কোটা আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার (২৯ জুলাই) বিকেলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশ হাইকমিশনে তিনি চারটি ভিডিও জমা দিয়েছেন। এসব ভিডিওতে ভারতবিরোধী স্লোগান দিতে দেখা গেছে। প্রধানমন্ত্রী মোদিকে নিয়েও স্লোগান দেওয়া হয়েছে। ভিডিওগুলো তার নজরে আসার পরই হাইকমিশনে গিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জানা গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির ২০ জন বিধায়কের প্রতিনিধি দল। ডেপুটি হাইকমিশনে ঢোকার আগে পুলিশি বাধার মুখে পড়েন তারা। বিজেপি নেতাদের অভিযোগ, এ দিনের কর্মসূচির জন্য আগে থেকে অনুমতি নেওয়া ছিল। তা সত্ত্বেও রাজ্য পুলিশ তাদের বাধা দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা কাটাকাটির পর হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন তারা।
কমিশনারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, “শনিবার আমরা হাইকমিশনারের কাছে আসার কথা জানিয়েছি, লিখিত অনুমতিও আছে। তাও দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অসভ্যতা করছে। এটা মেনে নেওয়া হবে না।”
ভারতবিরোধী স্লোগান নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের ভেতরের বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই। ভারত আমাদের মা, তাই ভারতবিরোধী স্লোগান নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। দেশের প্রধানমন্ত্রীর অপমানও আমরা বরদাস্ত করবো না।”



