Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জয়শঙ্কর: ভারত প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় না

‘সে দেশের রাজনীতিতে যা ঘটেছে, তার রাজনৈতিক মোকাবিলা তাদেরই করতে হবে’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এশিয়াটিক সোসাইটি ও নিউইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট “ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড” নামের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, “সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। এভাবে চলেও না। এমনটা হয়ও না। এটা শুধু আমাদের (ভারত) নয়, সবার জন্য সমান সত্য।”

এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দিনের শেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়। সেইভাবে এগোতে হয়।”

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা। এক দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি। সেসব প্রকল্প দুই দেশের পক্ষেই মঙ্গলজনক ও ফলদায়ী। তাতে অর্থনীতি চাঙা হয়েছে। অবকাঠামোরও উন্নতি হয়েছে।”

জয়শঙ্কর বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, দিনের শেষে পারস্পরিক নির্ভরতা, একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে থাকা, পারস্পরিক উপকারের বাস্তবিকতা আমরা প্রতিবেশীরা সবাই উপলব্ধি করতে পারব। এতেই সবার স্বার্থ নিহিত। বাস্তবিকতাই সম্পর্কের গতি প্রকৃতি ঠিক করে দেয়। ইতিহাসের শিক্ষা তেমনই।”

শ্রীলঙ্কা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “তীব্র অর্থনৈতিক সংকটের সময় কেউ যখন এগোয়নি, তখন ভারত এগিয়ে গিয়েছিল। সাড়ে চার বিলিয়ন ডলার সাহায্য করেছিল অর্থনীতি স্থিতিশীল করতে। বাকিটা তাদের ওপর।”

তিনি বলেন, “আমরা কিন্তু তাদের ওপর কোনো রাজনৈতিক শর্ত চাপাইনি। সুপ্রতিবেশী হিসেবে করেছিলাম। আমরা চাইনি আমাদের কোনো প্রতিবেশী দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক। সে দেশের রাজনীতিতে যা ঘটেছে, তার রাজনৈতিক মোকাবিলা তাদেরই করতে হবে।”

   

About

Popular Links

x