ভয়ংকর দূষণের কবলে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। প্রাথমিক স্কুলে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৪২০। সাধারণত, একিউআই স্কোর ৪০০ ছুঁলেই তা স্বাস্থ্যের জন্য ভয়ংকর খারাপ বলে বিবেচনা করা হয়।
লাহোরের উপরে ধোঁয়াশার পুরু স্তর জমে রয়েছে। এর মূল কারণ, খড় পোড়ানো, যানবাহনের ধোঁয়া এবং শীত এসে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমে যাওয়া। ফলে ধোঁয়াশাও বাড়ছে। বাতাস জোরে বইছে না বলে তা অন্যত্র যেতে পারছে না।
শহরের একিউআই বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, লাহোরে বাতাসের দূষিত পদার্থের পরিমাণ ভয়ংকরভাবে বেড়েছে। কিছু জায়গায় একিউআই প্রায় এক হাজার ছুঁয়েছে। পাঞ্জাবের আঞ্চলিক সরকারের মতে পরিস্থিতি অভূতপূর্ব। একিউআই ৩০০ ছাড়ালেই তা অত্যন্ত ক্ষতিকর বলে মনে করা হয়।
এদিকে, পাঞ্জাবের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সাংবাদিক সম্মেলন করে বলেছেন, “বাচ্চাদের জন্য এই দূষণ ভয়ংকর ক্ষতিকারক। স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। উঁচু শ্রেণিতে থাকা পড়ুয়াদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে।”
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০% কর্মীকে “ওয়ার্ক ফ্রম হোম” বা বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। হাসপাতালগুলোতেও দূষণের জন্য বিশেষ কাউন্টার থাকছে।
পাঞ্জাব সরকার কারখানার থেকে বের হওয়া ধোঁয়া পরীক্ষা করার জন্য বিশেষ পুলিশ নিয়োগ করেছে।
ভারতকে দোষারোপ
আওরঙ্গজেব বলেছেন, “প্রতিবেশী দেশ ভারত থেকে দূষিত বাতাস আসছে। যার ফলে লাহোরের অবস্থা আরও খারাপ হচ্ছে। সীমান্তের দুই পারে ব্যবস্থা না নিলে এই সমস্যার সমাধান হবে না। ফলে যৌথভাবে এই সমস্যার সমাধান করতে হবে।”
দিওয়ালির পর দিল্লিতেও দূষণের পরিমাণ খুবই বেড়েছে। দিল্লির একিউআই সোমবার সকালে গড়ে ৪০০-এর ওপরে আছে।
বায়ুদূষণের প্রভাব শরীরে কতটা পড়ে?
বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে, বায়ুদূষণের ফলে শরীর খারাপ হতে পারে। দীর্ঘক্ষণ ধরে এই দূষণের মধ্যে থাকলে হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, ও শ্বাসকষ্ট হতে পারে। এই দূষিত বায়ু বাচ্চাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাদের ফুসফুস পুরোপুরি গঠিত নয় বলে তারা বড়দের তুলনায় তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। ফলে তারা দূষিত বায়ু আরও বেশি করে ভিতরে নেয়।
ইউনিসেফের রিপোর্ট বলছে, উপমহাদেশের ৬০ কোটি শিশু প্রতিদিন এই ভয়ংকর বায়ুদূষণের মধ্যে পড়ে।



বাংলাদেশের নদ-নদীতে ভারী ধাতুর মিশ্রণ, দূষণ ভয়ানক পর্যায়ে
পাসপোর্টের শক্তিতে তলানিতে পাকিস্তান