Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ‘বট বাহিনী’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলো নেতানিয়াহু

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি

আপডেট : ২৯ মে ২০২৬, ০৫:৩১ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট বাহিনী’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‌‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নেতানিয়াহু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ব্যবহার করে জনমত প্রভাবিত করছে। তিনি ইঙ্গিত করে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

একই সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, “বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা বাড়লেও ভারতে দেশটির প্রতি সমর্থন এখনো শক্তিশালী রয়েছে।” তিনি ভারতকে একটি বৃহৎ শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনন্য।”

নেতানিয়াহু বলেন, ‘‘ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি, আর সেখানে ইসরায়েল অত্যন্ত জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। আবার আমি যখন স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল ভালোবাসার এক উৎসব।’’

তিনি আরও দাবি করেন, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসারী রয়েছে।

এদিকে সাম্প্রতিক বিভিন্ন জরিপে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমার তথ্য উঠে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। গত বছর এ হার ছিল ৫৩ শতাংশ।

একই জরিপ অনুযায়ী, বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নেতানিয়াহুর ওপর আস্থা নেই বা খুব কম আস্থা রাখেন, এমন মার্কিন নাগরিকের হার ৫৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ শতাংশ।

বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের রাজনৈতিক ও নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। তবে ভারতের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন বলে দাবি করেন তিনি।

   

About

Popular Links

x