২৮ বছরের মধ্যে প্রথমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ।
শুক্রবার (১৫ নভেম্বর) এই বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে সেখানে বাংলাদেশের নাম নেই বলে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২০২৫ সালের কলকাতা বইমেলা ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই বইমেলার ৪৮তম সংস্করণে প্রথমবারের মতো থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।
জার্মানি ছাড়াও এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়ার নাম উল্লেখ পাওয়া গেছে।
অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী জানান, তারা এখনও বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশ পাননি।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।”
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।



