Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোটেলে আগুন: মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

যথাযথ জবাব না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে 

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি পর্যটকসহ নয় জনের মৃত্যুর পর ওই এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।  

এরই মধ্যে মির্জা গালিব স্ট্রিটের নয়টি হোটেল ও চারটি রেস্তোরাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দৈনিক প্রথম আলো’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানতে চেয়েছে, এসব হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি কেন? নোটিশের যথাযথ জবাব না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ছিল শিখা ইন হোটেল। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি ও ভারতের দুই নাগরিক মারা গেছেন। দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার এক সাংবাদিক, তার স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুর ছিলেন। নিহত ভারতীয় দুজনের একজন শিখা ইনের কর্মী ১৯ বছর বয়সী সন্দ্বীপ পাসোয়ান। তার বাড়ি ঝাড়খন্ডের গিরিডিতে। অন্যজন যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। বাড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হোটেলের অভ্যর্থনাকক্ষে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন দ্রুত হোটেলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শিখা ইন হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্র। প্রায় পাঁচ মাস আগে হোটেলটি আবুজাফর নামের এক ব্যক্তির স্ত্রীর নামে ভাড়া দেন। মাসে ৪০ হাজার রুপি ভাড়ায় ১১ মাসের চুক্তিতে হোটেলটি ভাড়া দেওয়া হয়েছিল।

অগ্নিকাণ্ডের দিন এ হোটেলে ১০ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে সাত জন বাংলাদেশি।

এ ঘটনার পর হোটেলটির ইজারাদার আবুজাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার স্ত্রী এখনো পলাতক। শিখা ইনের মালিকের আরেকটি হোটেল ‘যাপন’- এর এক কর্মীকেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

গত বৃহস্পতিবার আবুজাফরকে কলকাতার আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠান।

   

About

Popular Links

x