ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কাছ দিয়ে বঙ্গোপসাগর থেকে স্থলে উঠে এসেছে ঘূর্ণিঝড় ফিনজাল। এর প্রভাবে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়। অপর তিনজন ভারতের।
শনিবার (৩০ নভেম্বর) ঘূর্ণিঝড়টি দুই দেশের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ফিনজাল স্থলে উঠে আসার আগে থেকেই এর প্রভাবে ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে থাকে। এতে চেন্নাইয়ে ফ্লাইট ও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। নগরীর বেশ কয়েকটি হাসপাতাল ও বাড়ি বন্যাকবলিত হয়।
ভারতের আবহাওয়া বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে চেন্নাইয়ে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে ট্রেন পরিষেবার পরিবর্তিত সূচী ঘোষণা করেছে।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শহর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে রবিবার সকাল থেকে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়।
এদিকে, কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য দেখা গেছে, ভারী বর্ষণে মোট ১ লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার প্রভাবিত হয়েছে।
এবারের ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। “ফিনজাল” একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ “কাপ” বা “পেয়ালা”।



