সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেছেন, “সরকার এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে দেশজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বড় পরীক্ষার মুখে রয়েছে।”
সোমবার (৯ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সংকটকালীন পরিস্থিতি দ্রুত এবং মসৃণভাবে পার হওয়ার জন্য আমরা কাজ করছি।” মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
বিদ্রোহীদের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর রাজধানী দামেস্কের বেশিরভাগ মন্ত্রণালয়ে কাজ চালু রয়েছে। তবে জনজীবন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সিরিয়ার বিদ্রোহী কমান্ড জানিয়েছে, নারীদের পোশাক বা ব্যক্তিগত চেহারার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলা হয়েছে, নারীদের পোশাক নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ। বিদ্রোহী নেতৃত্বের এই ঘোষণা তাদের উন্মুক্ত ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রতিশ্রুতিকে তুলে ধরেছে। বিদ্রোহীদের প্রধান আহমাদ আল-শারার সাম্প্রতিক বক্তব্যে ধর্মীয় সহনশীলতার বার্তা ছিল।
দামেস্ক শহরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার শহরের বেশিরভাগ দোকান ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল। বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট সশস্ত্র দল অবস্থান নিয়েছে, যদিও সামরিক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম ছিল। একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এক ব্যক্তি মেজ্জাহ এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করছেন। তিনি বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই-আলাউই, খ্রিস্টান, শিয়া বা দ্রুজ- যেই হোন না কেন। তবে সবাইকে শৃঙ্খলায় থাকতে হবে।”
জাতিসংঘের কর্মকর্তা আদম আবদেলমৌলা জানান, সরকারি কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় বহু গুরুত্বপূর্ণ সেবা স্থবির হয়ে পড়েছে। এর ফলে বিমানবন্দর ও সীমান্ত কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং জরুরি মানবিক সাহায্য পৌঁছাতে দেরি হচ্ছে। আবদেলমৌলা বলেন, “একটি দেশ, যেখানে ৫৩ বছর ধরে এক সরকার ক্ষমতায় ছিল, সেখানে হঠাৎ করে বিদ্রোহীদের দায়িত্ব গ্রহণে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে।”
ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র ও দীর্ঘপাল্লার রকেট সাইটে হামলা চালিয়েছে। ইসরায়েলিমন্ত্রী গিদিওন সার বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য ইসরায়েলের এবং এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।” দামেস্কের মেজ্জাহ সামরিক বিমানবন্দরে রবিবার ও সোমবার হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদ ধ্বংস করার উদ্দেশ্যে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদ বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তবে তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে ক্রেমলিন বিস্তারিত জানায়নি। আসাদের ভাই মাহের আসাদের ঘনিষ্ঠ সহযোগী মেজর জেনারেল আলী মাহমুদকে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া গেছে। তার মৃত্যু হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়।



সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার
বাশার আল-আসাদের পতনের নায়ক কে এই জোলানি?