Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাবানলের মধ্যে দমকল কর্মী সেজে চুরি

লস অ্যাঞ্জেলেসে মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় গ্রেপ্তার হন তিনি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস দাবানলের মধ্যে দমকল কর্মী সেজে চুরির সময় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি সেভেন এ খবর জানিয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লুনা বলেন, “গ্রেপ্তার ব্যক্তিকে বসে থাকতে দেখি, যাকে ফায়ার ফাইটারের মতো দেখাচ্ছিল।”

তিনি জানান, লস অ্যাঞ্জেলেস এলাকায় দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জন গ্রেপ্তার হয়েছেন। দাবানল কবলিত ইটনের আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছেন শনিবার রাতে। তিনজন গ্রেপ্তার হয়েছেন কারফিউ লঙ্ঘনের জন্য এবং আগ্নেয়াস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লুনা আরও জানান,প্যালিসেডসের দাবানল এলাকার আশেপাশে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজনকে শনিবার কারফিউ লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। 

এদিকে, লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানান, দমকল কর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ম্যাকডোনেল বলেন, “আমাদের মধ্যে এমন মানুষও আছেন - যারা এই দাবানলের মধ্যে ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে সব কিছু করতে পারেন।”

দাবানলের কারণে যেসব এলাকা খালি করার আদেশ রয়েছে, সেসব এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকডোনেল। তিনি জানিয়েছেন, রবিবার রাত ৬টা সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান বলেন, “আগুন কবলিত ও জনমানবশূন্য এলাকার সম্পত্তি সুরক্ষা কিংবা লুটেরাদের দূরে রাখতে কারফিউ জারি করা হয়েছে। এটি জননিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতেও সহায়তা করবে।”

তিনি বলেন, “আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্য কোনো দুর্যোগ কর্মী না হন, সেক্ষেত্রে আপনার এসব এলাকায় অবস্থানের কোনো কারণ নেই। আপনি যদি এসব এলাকায় থাকেন, তবে আপনাকে গ্রেপ্তার হতে হবে।”

   

About

Popular Links

x