জাপানের ওসাকা শহরে হতে যাওয়া এ বছরের ওসাকা এক্সপো ২০২৫ বা বিশ্ব প্রদর্শনীকে আরও দর্শনার্থীবান্ধব করে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে জনসাধারণ চলাচলের রাস্তায় সোমবার (২৭ জানুয়ারি) ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ বছর এপ্রিল মাস থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। টোকিও থেকে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।
এক্সপো ২০২৫ বা বিশ্ব প্রদর্শনী এ বছর এপ্রিল মাসে শুরু হবে। এক্সপোতে ১৬০টি দেশ এবং অঞ্চল অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রতি পাঁচ বছর অন্তর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে।
এপ্রিল থেকে, বৃহত্তর ওসাকা অঞ্চলে ৩০ বর্গমিটার (৩২০ বর্গফুট) এর বেশি বসার জায়গাসহ খাবারের দোকানগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হবে। বর্তমান জাতীয় আইনে ১০০ বর্গমিটারের বেশি খাবারের জায়গাসহ প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ।
এর আগে শহরটির মেয়র হিদেয়ুকি ইয়োকোয়ামা জানুয়ারির শুরুতে বলেছেন, “আমরা সারা বিশ্ব থেকে অনেক মানুষকে স্বাগত জানাতে চাই, তাই ওসাকাকে এমন একটি শহর হিসেবে গড়ে তুলতে চাই যেখানে মানুষ ধূমপানমুক্ত রাস্তা দিয়ে চলাচল করতে নিরাপদ বোধ করবে।”
সোমবারের আগে, ওসাকা স্টেশনের আশেপাশের এলাকাসহ ছয়টি অঞ্চলে ধূমপান নিষিদ্ধ ছিল। এখন এটি পুরো শহরে সম্প্রসারিত করা হয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ১ হাজার ইয়েন জরিমানা করা হবে।
জাপানের বেশিরভাগ জায়গায় স্থানীয় আইনে ইতিমধ্যেই হাঁটার সময় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কিছু বিরোধী আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে জাতীয়ভাবে আইনটি পাস হওয়া আটকে গেছে।
এর আগে, টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য ২০১৮ সালে দেশটির রাজধানীতে সকল রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। টোকিওর কিছু জেলায় বাইরে ধূমপান অনুমোদিত রয়েছে।
জানা গেছে, জাপানের কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারগুলো বছরে মোট প্রায় দুই ট্রিলিয়ন ইয়েন (১৩ বিলিয়ন মার্কিন ডলার) সিগারেট থেকে রাজস্ব আয় করে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তামাক কোম্পানি জাপান টোব্যাকোর এক-তৃতীয়াংশ শেয়ার জাতীয় সরকারের মালিকানাধীন। জাপানে তামাকের ব্যবহার বিশ্বব্যাপী প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হ্রাস পাচ্ছে, ২০২৩ সালে ধূমপায়ীদের অনুপাত ১৫.৭% দাঁড়িয়েছে।



ইতালিতে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা