ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। চিলির বাসিন্দা অ্যাড্রিয়ান সিমানকাস তার বাবা ডেলের সঙ্গে ম্যাগেলান প্রণালিতে কায়াকিং করছিলেন। অর্থাৎ কায়াক নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ অ্যাড্রিয়ানের নৌকায় হামলা চালায় একটি “হাম্পব্যাক তিমি”। হলুদ রঙের নৌকাসহ (কায়াক) অ্যাড্রিয়ানকে গিলে ফেলে তিমিটি। কিছু সময় পর আবার তাকে মুখের বাইরে বের করে দেয় তিমিটি।
এই পুরো ঘটনাটি ধরা পড়েছে অ্যাড্রিয়ানের বাবার সঙ্গে থাকা ক্যামেরায়। কারণ শুরু থেকেই ছেলের কায়াকিংয়ের ভিডিও করছিলেন তিনি।
নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বার্তা সংস্থা এপিকে অ্যাড্রিয়ান বলেন, “আমার মনে হচ্ছিল আমি মরেই গেছি। আমাকে তিমিটি গিলে ফেলেছে বলেই মনে হয়েছিল। তবে কীভাবে আমি বেঁচে গেলাম, এখনও তা বুঝতে পারছি না।”
অ্যাড্রিয়ানের বাবা ডেল তার থেকে মাত্র কয়েক মিটার দূরেই ছিলেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করা শুরু করেন। ছেলেকে শান্ত থাকার নির্দেশ দিতে থাকেন তিনি।
অ্যাড্রিয়ান জানান, তিমির মুখ থেকে বের হওয়ার পর তিনি সাগরে ভাসতে থাকেন। তার মনে হতে থাকে এবার তিমিটি তার বাবাকে আক্রমণ করবে। কোনোভাবেই আর তারা পাড়ে ফিরে যেতে পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত নির্বিঘ্নেই তারা সৈকতে ফিরে যেতে পারেন।
বিশেষজ্ঞেরা বলছেন, চিলির সমুদ্রে তিমি থাকলেও সাধারণত তারা মানুষের ওপর হামলা চালায় না। তবে পানি যখন খুব ঠাণ্ডা থাকে তখন কখনও কখনও এ ধরনের ঘটনা ঘটে।



এক ‘বানরের কারণে’ অন্ধকারে পুরো শ্রীলঙ্কা