ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে “বাংলাদেশি তীর্থযাত্রীদের” বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বাসটিতে ৭০ জনের মত যাত্রী ছিলেন, তাদের বেশিরভাগই বাংলাদেশি তীর্থযাত্রী।
রবিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর ওড়িশা টিভির।
ওড়িশার সংবাদমাধ্যম ওমকম নিউজ লিখেছে, নিহত ওই বাসযাত্রী একজন বাংলাদেশি নাগরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্রের বরাত দিয়ে ওড়িশার সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন, তাদের বেশিরভাগই বাংলাদেশি। কাশির বিশ্বনাথ মন্দির দেখে তারা ওই বাসে করে যাচ্ছিলেন পুরিতে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
ওড়িশা টিভির খবরে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে এই বাংলাদেশি তীর্থযাত্রীরা ভারত সফর করছেন। তাদের বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।



