Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইফোনে ২৫% আর ইইউ পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের

অ্যাপল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদিত হবে

আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ৫০% আর যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত আইফোনে ২৫% শুল্ক আরোপের সুপারিশ করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়ে তিনি বলেন, “তাদের সঙ্গে আমাদের আলোচনায় কিছু হচ্ছে না।”

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের ওপর ২০% শুল্ক আরোপ করেন ট্রাম্প। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইইউ বাণিজ্য।

ট্রাম্প হুমকি দিয়ে আরও জানান, যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫% আমদানি শুল্ক বসানো হবে।

তিনি বলেন, "আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলো আমেরিকাতেই নির্মিত এবং সংযোজিত হবে, ভারত বা অন্য কোথাও নয়।”

তিনি আরও বলেন, “যদি তা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে অ্যাপলকে কমপক্ষে ২৫% শুল্ক দিতে হবে।”

হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর দফায় দফায় শুল্ক আরোপ করে যাচ্ছেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান রক্ষার উপায় হিসেবে তিনি কূটনীতির চেয়ে যে শুল্ক যুদ্ধের ওপরই বেশি নির্ভর করছেন, তা তার এসব পদক্ষেপেই বোঝা যাচ্ছে।

ট্রাম্পের হুমকির কয়েক সপ্তাহ আগেই টেক জায়ান্ট অ্যাপল বলেছিল, তারা যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন ও অন্যান্য পণ্যের উৎপাদন চীন থেকে সরিয়ে নিচ্ছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক চলতি মাসের শুরুতে বলেছিলেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তৈরি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদিত হবে, আর ভিয়েতনাম হবে আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো পণ্যের বড় উৎপাদন হাব।

   

About

Popular Links

x