ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেই জি-৭ সম্মেলনে গিয়ে শান্তির বার্তা মোড়ানো বিশেষ এক জার্সি উপহার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পকে জার্সিটি দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সোমবার (১৬ জুন) কানাডার আলবার্টার কানানাসকিসে ট্রাম্পকে বিশেষ এ উপহার তুলে দেন।
সর্বকালের অন্যতম সেরা তারকা রোনালদো তার পর্তুগালের ৭ নম্বর জার্সিতে সই করে লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন।’’
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে কস্তা প্রেসিডেন্ট ট্রাম্প ও জার্সির কিছু ছবি শেয়ার করেন, যার সঙ্গে ছিল ক্রিশ্চিয়ানোর বার্তার একটি ক্লোজআপও ছবিও। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি, শান্তির জন্য খেলছেন, একটি দল হিসেবে।’’
রোনালদোর এই উপহারটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মারগো মার্টিন জার্সি গ্রহণের সেই মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিও ক্লিপে বলতে শোনা যায়, আন্তোনিও আমেরিকান প্রেসিডেন্টকে বলছেন, জার্সিটির ওপর একটি ‘‘বিশেষ বার্তা’’ রয়েছে। বার্তাটি পড়ে শোনানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর দেন, ‘‘ওহ, এটা ভালো লেগেছে। শান্তির জন্য খেলা।’’ এরপর জার্সিটি তুলে ধরে তিনি বলেন, ‘‘এটা দারুণ!’’
ট্রাম্পকে জার্সি উপহার দেওয়ায় অনেকে রোনালদোকে সাধুবাদ জানালেও কেউ কেউ এ নিয়ে সমালোচনাও করছেন।



