কোল্ডপ্লে কনসার্টে বড় পর্দায় আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার রাতে (১৬ জুলাই) ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে। ভিডিওতে দেখা যায়, এক যুগল কনসার্টে গান শুনতে শুনতে নাচছেন ও একে অপরকে আলিঙ্গন করছেন। ক্যামেরা তাদের দেখালে তারা লাজুকভাবে নিচু হয়ে মুখ লুকানোর চেষ্টা করেন।
সেই সময় কনসার্টের কোল্ডপ্লে ব্যান্ডের লিডার ক্রিস মার্টিনের একটি মন্তব্যের পর তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
তিনি দর্শকদের উদ্দেশে বলেছিলেন যে, "তারা হয়তো প্রেম করছেন, অথবা খুবই লাজুক।"
বুধবার রাতে ভিডিওটি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছেন।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা দুজনেই অ্যাস্ট্রোনোমার নামে একটি কোম্পানির কর্মকর্তা।
এরপর অ্যাস্ট্রোনোমার এক বিবৃতিতে জানায়, অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও নীতি অনুসরণ করা হয়, তার সাথেই সিদ্ধান্তটি যুক্ত।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোম্পানির সহ–প্রতিষ্ঠাতা পিট ডিজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
ভিডিওতে থাকা নারীকে কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট বলে ধারণা করা হচ্ছে। তবে দুজনের কেউই ভিডিওতে পরিচয় নিশ্চিত করেননি।
কোম্পানি জানিয়েছে, “আমরা নেতৃবৃন্দের কাছে থেকে সর্বোচ্চ আচরণ ও জবাবদিহিতা আশা করি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
অ্যাস্ট্রোনোমারের বিবৃতিতে আরও বলা হয় যে, অ্যান্ডি বাইরন কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং তার বক্তব্য নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়।
এছাড়াও, ভিডিওতে কোম্পানির অন্য কোনো কর্মচারী ছিলেন না বলেও জানানো হয়। বৃহস্পতিবার থেকে অ্যান্ডি বাইরনের নামে ভুয়া বিবৃতি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ইতোমধ্যে মিম, টিভি রসিকতা ও ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে বিবিসি ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।



