Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে স্কুলের ছাদ ধসে চার শিশুর মৃত্যু, আহত ১৭

ক্লাস চলাকালীন একটি ভবনের ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিক্ষক-শিক্ষার্থী

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

ভারতের রাজস্থানে ক্লাস চলাকালীন স্কুলের একটি পুরনো ভবনের ছাদ ধসে চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি সরকারি স্কুলের একটি ভবনের ছাদ ধসে পড়ে। ছাদ ধসের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এসময় সাতজন শিশু শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ক্লাসে অন্তত ৪০ জন শিশু শিক্ষার্থী ছিল। এ ছাড়াও, কয়েকজন শিক্ষকও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসের শব্দ এবং ছাত্রদের তীব্র চিৎকার শুনতে পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন চারিদিক ধুলায় ভর্তি। বাড়িটি পুরো ধসে গেছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেন অভিভাবকরা। নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিপাত হয়েছে এই এলাকায়। সেই কারণেই হয়তো ছাদটি ধসে পড়ে।

রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। এই ঘটনায় ছয়জন শিশু নিহত হয়েছে।

ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ চলছে।

জানা গেছে, বিদ্যালয় ভবনটি ২০ বছরেরও বেশি পুরনো। দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, অবকাঠামোর দুরবস্থা নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পিপলোড়ি সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো।

   

About

Popular Links

x