Friday, August 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরু হচ্ছে এশিয়া কাপ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

আজ রাত সাড়ে ৮টায় থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

নারী এশিয়া কাপের দশম আসর শুরু হচ্ছে আজ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টির এই মহাদেশীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৮টি দল। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এবারের আসরে নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ফাইনালে ওঠা।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের দ্বিতীয় দিন স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ৩০ আগস্ট ভারত খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ১ সেপ্টেম্বর পাকিস্তান ও থাইল্যান্ড মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটো প্র্যাক্টিস ম্যাচ খেলছি। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’’

এবার বাংলাদেশের প্রধান লক্ষ্য ফাইনাল। সাম্প্রতিক আসরগুলোতে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার আরও এক ধাপ এগিয়ে যেতে চান জ্যোতি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই। সেমিফাইনালটা পার করতে পারছি না। যদি সেটা পেরোতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। তখন শিরোপা জয়েরও একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’’

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।

বাংলাদেশের ম্যাচসূচি

৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

   

About

Popular Links

x