৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুসারে টাকা ৪৪,০০০-১,০৫,৯০০/- বেতনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল আরও দুই বছর বাড়াতে পারবে। তবে এ সময় যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তাহলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত বছরের ১৯ অক্টোবর শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১,২১৯ জন প্রার্থী।



