Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬৪ জেলায় নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদন

মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পাওয়া প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে থাকতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের মধ্যে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

বুকের মাপের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য বুকের মাপের কোনো নির্দেশনা নেই। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে। নিয়োগ পাওয়ার পরও দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও নির্দেশনা মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত লিংকে।

   

About

Popular Links

x