Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্র্যাবে শিক্ষার্থীদের দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা

ক্র্যাব সদস্যদের সন্তানসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা অংশ নেয় 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

স্বেচ্ছাসেবী সংগঠন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের প্রযুক্তি সহায়তায় এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর যৌথ আয়োজনে কর্মশালাটি  অনুষ্ঠিত হয়। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে ‘ROBOGENESIS: Igniting the Future of Robotics’ শীর্ষক এ কর্মশালায় রোবোটিক্সের মৌলিক বিষয়, প্রজেক্ট ডিজাইন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

তরুণদের প্রযুক্তি ও রোবোটিক্সে আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করাই ছিল এ আয়োজনের লক্ষ্য। 

কর্মশালার উদ্বোধন করেন ক্র্যাব’র সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। তিনি বলেন, “আগামী দিনের প্রযুক্তিকে নেতৃত্ব দেবে এআই ও রোবোটিক্স। তাই আমাদের তরুণ প্রজন্মকে এখন থেকেই এ প্রযুক্তির সঙ্গে পরিচিত ও দক্ষ করে তুলতে হবে।” 

তিনি আরও বলেন, “ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্সের প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন। ভবিষ্যতে এআই ও কোডিংসহ আধুনিক প্রযুক্তির ওপর আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।” 

উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও চিফ ডাইরেক্টর দাউদ আহমেদ সাদ বলেন, “রোবট আমরা তৈরি করি প্রযুক্তি দিয়ে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করি আমাদের চিন্তা, সৃজনশীলতা ও সাহস দিয়ে।” 

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। 

বিশেষ অতিথি কারামা সলিডারিটি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, “দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তিজ্ঞান ছড়িয়ে দিতে তরুণ সমাজকে আরও বেশি কাজ করতে হবে।” 

ক্র্যাব ও উইংস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘‘এ ধরনের আয়োজন তরুণদের প্রযুক্তিমুখী করে তুলবে।’’  

উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি রামিশা হোসেন দিহা বলেন, “এ আয়োজন সম্ভব হয়েছে একটি চমৎকার যৌথ প্রচেষ্টায়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তরুন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন সফল হয়েছে।’’ 

সংগঠনটির কো-ফাউন্ডার ও ডিরেক্টর অব অপারেশনস আশিকুজ্জামান দীপন বলেন, ‘‘ROBOGENESIS-এ সবাইকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সবার সহযোগিতা ও অংশগ্রহণেই আজকের দিনটি সার্থক হয়েছে।’’ 

প্রশিক্ষণ পরিচালনা করেন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশন্স তানজিরুল ইসলাম তুর্য এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা ও  World Robot Olympiad International Finals 2024 ও 2025-এর সিলভার ও ব্রোঞ্জ পদকজয়ী আফিয়া হুমায়রা। 

দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীরা রোবোটিক্সের মৌলিক ধারণার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রজেক্ট ডিজাইন ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পায়। 

কর্মশালায় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, কারামা সলিডারিটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা। 

আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। 

   

About

Popular Links

x