নবীন শিক্ষার্থীদের উদ্দেশে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী বলেছেন, “ছাত্র-ছাত্রীদের প্রধান এবং প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা। পাশাপাশি নিজেকে একজন দক্ষ ও যোগ্য কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে।”
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বেলা ১১টায় শহরের দৌলতপুর এলাকার দেয়ানায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অধ্যাপক আবুল কাসেম আরও বলেন, “কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়ে তোমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে। কৃষির কল্যাণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার জন্য সদা সচেষ্ট থাকবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন শিক্ষার্থীদের স্মার্ট কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে।
রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেন এবং তার কন্যা দেশরত্ন শেখ হাসিনা কৃষিতে গুরুত্ব দিয়ে আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। কৃষির উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিন খুকৃবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন আয়োজন কমিটির সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম, গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডা. সাইফুল্লাহ মানছুর, সাধারণ সম্পাদক খান জাবিদ হাসান, খুকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।



