“আমরা যাইনি মরে আজও – তবু কেবলই দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,”
অরূপ রূপকের রাজা, বিষন্ন নির্জনতায় বিপন্ন বাঙালির নিজস্ব কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকীতে তাকে পাঠ ও বাংলা ভাষার প্রথম ব্যান্ড গানের দল “মহীনের ঘোড়াগুলি”র গান গেয়ে একটি সুন্দর সন্ধ্যা কাটালেন শহরের একদল কবিতা ও গানপ্রেমী মানুষ। সীমিত আসনের এই ঘরোয়া আড্ডায় ত্রপা মজুমদার, মাসুদ মনিরুল, মাইশা আমিন, জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য পাঠ করেন।
মহীনের ঘোড়াগুলি সম্পাদিত গানগুলো গেয়ে শোনান রেজাউল করিম লিমন, বিপু, সন্ধি, প্রিয়ম ও লোটাস।
জীবনানন্দ দাশের কবিতা ও “মহীনের ঘোড়াগুলি”র গানে স্মৃতি-ঠাসা এক সন্ধ্যা কাটাতে পেরে উপস্থিত সবাই কপিশপ ও কারুজ কমিউনিকেশনস-এর আয়োজনের জন্য সাধুবাদ জানান। কেউ কেউ প্রতি বছর এই দিনটি আরও বড় পরিসরে আয়োজনের আশা ব্যক্ত করেন।
এমন আয়োজনের ধারাবাহিকতা অটুট রাখার ইচ্ছাপোষন করে কপিশপ-এর কিউরেটর মুশফিকুর রহমান বলেন, “বাংলাদেশে জীবনানন্দ দাশকে আরও জনবান্ধব করাই এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য। নির্জনতার কবিকে চেনানোর জন্য আমরা সওয়ার হয়েছি তার কবিতা থেকেই অনুপ্রাণিত গানের দল মহীনের ঘোড়াগুলির উপর। সবার ভালো লাগাই আমাদের মুখের হাসি!” আগামীতে আরও বড় পরিসরে আনন্দ সন্ধ্যালোক আয়োজিত হবে বলে তিনি জানান।



