গত সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর “এম.টি বাংলার জ্যোতি” জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক মো. নুরুল ইসলাম এবং দৈনিক ভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন।
মঙ্গলবার (১ অক্টোবর) নিহতদের শ্রদ্ধা জানাতে বিকেল ৫টায় নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনা হয় । এ সময় হাইলি স্কিল্ড অটোমেকানিক মো. নুরুল ইসলাম এবং দৈনিক ভিত্তিক ফিটার হারুন অর রশিদ এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামায শেষে ৩টি মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালকসহ বিএসসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও, তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পারিবারকে যথাযথ আর্থিক সহযোগিতা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করবে বলে জানায় বিএসসি।



